বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:৩৬ পিএম
রাজশাহীর বাঘা সীমান্ত থেকে উদ্ধার কষ্টিপাথরের দুর্লভ মূর্তি। প্রবা ফটো
রাজশাহীর বাঘা সীমান্ত থেকে বিশেষ অভিযানে ১৫৬ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ অক্টোবর) রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিজিবির আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘা থানার পুরাকুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ১৫৬ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মূর্তিটির বাজার মূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।
এতে আরও বলা হয়, মূর্তিটি বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যেই এখানে আনা হয়েছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে।
মূর্তির প্রকৃতি ও ঐতিহাসিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।