ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:২৩ পিএম
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবক
ফরিদপুরে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. অসীম শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার (০৮ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অসীম শেখ ফরিদপুর সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চলতি বছরের ৫ জুন ফরিদপুরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে অসীম শেখসহ কয়েকজন সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ওই তরুণী বাদি হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা থেকে আসামি গ্রেপ্তারের বিষয়ে র্যাব-১০-কে একটি অধিযাচনপত্র প্রেরণ করা হয়। এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের নজরদারি শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ফরিদপুর নিউমার্কেট এলাকা থেকে অসীমকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন র্যাব-১০ সদস্যরা।
র্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।