ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২১:৪৫ পিএম
ফরিদপুরের সালথায় ধর্ষণের অভিযোগে আটক যুবক
ফরিদপুরের সালথা উপজেলায় সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে আটক করে সালথা থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। আটক রিপন মোল্যা ওই গ্রামের আক্তার মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে সিঁধকেটে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পালানোর চেষ্টা করলে বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে রিপনকে আটক করে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, পেটের তাগিদে শ্রমিকের কাজ করতে আমি গত ৮ দিন ধরে অন্য এলাকায় ছিলাম। স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিল। রাতে রিপন মোল্যা সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ধর্ষণের কথা শিকার করে আটক রিপন মোল্যা বলেন, আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলাম। পরে নিজেকে সামলাতে না পেরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, রিপন নিয়মিত ইয়াবা সেবন করে এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, সিঁধকেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।