চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২০:২৮ পিএম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড)কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় ব্যবসায়ীদের হাতে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদর হাজারী শপিং সেন্টারের সামনে ঘণ্টব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দোহাজারী প্রেস ক্লাব সভাপতি এস এম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল, এলডিপি নেতা মুহাম্মদ লেয়াকত আলী, আ ন ম সালাহউদ্দিন নাছির, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) বিগত যুগ যুগ ধরে প্রতিদিন সকালে উন্মুক্ত পাইকারি কাঁচাবাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে ওই উন্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় লিজ দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরও বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।