রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ পিএম
পৌর যুবদলের সদস্য ফারুক হোসেন চৌধুরী ওরফে ভাঙ্গা হকি। প্রবা ফটো
চাঁদাবাজির অভিযোগে রামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন চৌধুরী ওরফে ভাঙ্গা হকিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল।
বুধবার (৮ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সোনাপুর বাজারে সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
সংগঠনের একাধিক নেতা জানান, ফারুক হোসেন চৌধুরী ওরফে ভাঙ্গা হকি চাঁদাবাজি থেকে শুরু করে থানার দালালি পর্যন্ত করে। দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে আসছেন তিনি। এভাবে চলতে থাকলে দল প্রশ্নবিদ্ধ হবে। লক্ষ্মীপুর জেলা যুবদল তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
ফারুক হোসেন চৌধুরী ওরফে ভাঙ্গা হকি রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের কামার বাড়ির মৃত মনির মাস্টারের ছেলে।