খুলনা অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:২০ পিএম
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় এক লাখ ৭২ হাজার ৩৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কমিশনার ও কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার।
তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। জন্মনিবন্ধন না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা নেওয়া যাবে। তিনি আরও বলেন, এই টিকা শতভাগ নিরাপদ ও পরীক্ষিত। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে পারবে।
ক্যাম্পেইন চলাকালে কেসিসি এলাকায় ৫৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে টিকা প্রদান করা হবে।
প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে। জন্মনিবন্ধনের ১৭ ডিজিটের তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।
টিকাদান কার্যক্রমে ২৫২ জন টিকাদানকারী, ৩৫০ জন স্বেচ্ছাসেবক, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, ৮ জন দ্বিতীয় সারির সুপারভাইজার এবং কোল্ড চেইন ও আইটি ব্যবস্থাপনায় ৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব, যিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।