রংপুর অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৪০ পিএম
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রংপুর জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর কালেক্টরেট ঈদগাহ মাঠ এবং বাদ মাগরিব হোমিওপ্যাথি কলেজ মসজিদে জানাজা শেষে ছোট নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আনিছুর রহমান লাকুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় আনিছুর রহমানের ১০ বছরের কারাদণ্ড হয়েছিল। এ ছাড়া তিন দিন গুম করাসহ তিনি অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তার মৃত্যুতে রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।