কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ পিএম
কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।