গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১২:৪৯ পিএম
বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের জন্য ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় অর্ধশতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী এ কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবিগুলো হচ্ছে, সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান; ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আত্ম কর্মসংস্থান পুনর্বাসন, আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ প্রদান; সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান; ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান।
এছাড়া বধির সদস্যদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ। বধির সদস্যদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন ও অনুষ্ঠানে অংশগ্রহণের সার্বিক নিরাপত্তা প্রদান।
গাজীপুর জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, আমাদের জেলায় অসংখ্যা শ্রবণ প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয় কোনো উল্লেখযোগ্য সহায়তা, অনুদান পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে। তাদের আর্থ সামাজিক পুনর্বাসনের লক্ষ্য ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হলো।