শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৯:৩৫ এএম
বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন (বিএসএএ) নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্বাচনী ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অস্বচ্ছতার একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর
ধারা ১৭ অনুযায়ী সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া
হয়েছে। শিপিং ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ এই অ্যসোসিয়েশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব-যুগ্মসচিব) শারমিন জাহান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের
বাণিজ্য সংগঠন অনুবিভাগের দুটি পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার
২০২৫-২০২৭ মেয়াদের বিএসএএ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ছিল। নির্বাচনের মাত্র দুইদিন
আগে এই নিষেধাজ্ঞা ও প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন
অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
এতে বলা হয়, তিন ব্যবসায়ীর আবেদন ও অনুবিভাগের শুনানির সিদ্ধান্ত অনুযায়ী শিপিং এজেন্টস
অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ওই চিঠিতে নির্বাচনের পরবর্তী
তারিখ সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এছাড়াও বাণিজ্য সংগঠন অনুবিভাগের
মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা পৃথক আরেক চিঠিতে বাংলাদেশ শিপিং এজেন্টস্
অ্যসোসিয়েশনে প্রশাসক নিয়োগ করা হয়। এতে বলা হয়, নির্বাচনে কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র
জমা দিতে দেওয়া হয়নি। এই নিয়ে ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া শিল্প,
বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যসোসিয়েশনের সার্বিক
কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়।
এসব কারণে চট্টগ্রামের অতিরিক্ত
কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যসোসিয়েশনের প্রশাসক হিসেবে
নিয়োগ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। তাঁকে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ
করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।
জানা যায়, আগামী বৃহস্পতিবার (৯
অক্টোবর) বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যসোসিয়েশন নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচনের
আগেই কয়েকজন সদস্য নির্বাচন কমিশন ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
অভিযোগকারীরা হলেন বিএসএএ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কন্টিনেন্টাল গ্রুপের চেয়ারম্যান
আহসান ইকবাল চৌধুরী আবীর, এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল আলী শিমুল
ও সাকিবুল ইসলাম। তাদের অভিযোগের কারণে নির্বাচন স্থগিত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির
এক সদস্য।