টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৬:২৫ পিএম
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, এবং জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবক ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান কর্মসূচির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্যাম্পেইন সংক্রান্ত নির্দেশনা, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়ন কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালিত হয়।