× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই মোতালেব আকনের ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৫৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ১১ বছর ধরে হুইলচেয়ারে জীবনযাপন করছেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব আকন (৭০)। দলের জন্য জীবন বাজি রেখে রাজনীতি করা এই নেতার জীবনের শেষ ইচ্ছা ছিল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একবার দেখা করা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে মোতালেব আকন বলেন, আমার শেষ ইচ্ছা একবার তারেক রহমানের সঙ্গে দেখা করা।

প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে এলে তিনি সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মোতালেব আকনের সঙ্গে কথা বলেন।

ভার্চুয়াল এই সাক্ষাতে তারেক রহমান বলেন, ‘আজ মোতালেব সাহেবকে হুইলচেয়ারে বসা দেখতে হচ্ছে, এটি রাজনৈতিক প্রতিপক্ষের হামলার ফল। আমি বহু বছর ধরে প্রবাসে আছি বাধ্য হয়ে। গত ১৭ বছরে বিএনপি ও সাধারণ মানুষ বহু আন্দোলন করেছে ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারের জন্য। অনেক মানুষ শহীদ হয়েছেন। আসুন, আমরা সবাই মিলে মতভেদ কমিয়ে আলোচনার মাধ্যমে পথ খুঁজে নেই।’

ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের প্রধান নির্বাচনী সমন্বয়ক ছিলেন মোতালেব আকন। ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। ওই হামলায় তার স্পাইনাল কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি কোমর থেকে নিচ পর্যন্ত স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন।

হামলার পর তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা না দিয়েই খুলনায় পাঠানো হয়। মামলা করার চেষ্টা করলে পুলিশ তা গ্রহণ না করে বরং পরিবারকে হুমকির মুখে ফেলে রাখে দীর্ঘদিন।

স্ত্রী লাইলী বেগম বলেন, ‘স্বামীর উপর হামলার পর পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। রাজনৈতিক কারণে আমাদের ছেলের চাকরিও হয়নি।’

ছেলে সাব্বির হোসেন বলেন, ‘বাবা পরিবারের চেয়েও দলের জন্য বেশি সময় দিয়েছেন। সেই ত্যাগেরই নির্মম ফল আজকের এই জীবন।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘মোতালেব এখন নির্বাচনের খুঁটি। নির্বাচনের মাঠে কিভাবে কাজ করতে হয় সেটা তিনি ভালো জানেন। সেই খুঁটিকে উপড়ে ফেলতেই প্রতিপক্ষ হামলা করেছিল। হামলার পর চিকিৎসার জন্য কারো কাছে হাত পাতেননি,  নিজের সম্পত্তি বিক্রি করে চিকিৎসা নিয়েছেন।’

জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘মোতালেব ভাইয়ের উপর হামলায় যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘মোতালেব ভাইয়ের পরিবারের পাশে আমরা সবসময় আছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার অবশ্যই হওয়া উচিত।’

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১০ বছর পর মামলাটি অবশেষে রেকর্ড করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই ভার্চুয়াল সাক্ষাৎ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়- এটি তৃণমূল কর্মীদের প্রতি তার ভালোবাসা ও সহানুভূতির বহিঃপ্রকাশ।

দীর্ঘ ১১ বছর হুইলচেয়ারে কাটানো মোতালেব আকন বলেন, ‘জীবনে আর কোনো দাবি বা আফসোস নেই। শুধু একবার তারেক রহমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।’

রাজনীতির মাঠে আর সক্রিয় হতে না পারলেও জীবনের শেষ প্রান্তে এসে এক যুগের কষ্ট ভুলে তৃপ্তির হাসি ফুটেছে এই প্রবীণ বিএনপি নেতার মুখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা