বগুড়া অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৩০ পিএম
যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে বগুড়ায়। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে পানি বেড়েছে ৯৯ সেন্টিমিটার। ফলে, নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবাদি জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত সোমবার (৬ অক্টোবর) থেকে যমুনা নদীর পানি বাড়তে শুরু করে।
মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বলেন, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
হুমায়ুন কবির আরও জানান, অস্বাভাবিক হারে পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-এক দিন পানি আরও বাড়তে পারে, তবে বন্যার আশঙ্কা নেই।