মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৯:৩০ এএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামিতা তাড়াইলের কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রামিতার বাবা জহির আহমেদও আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে কিশোরগঞ্জ থেকে পরিবারের সঙ্গে দাদার মরদেহ দেখে বাড়ি ফিরছিল রামিতা। পথে সাকুয়া বাজারসংলগ্ন মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রামিতা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিক বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।