খুলনা অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৯ এএম
খুলনার দিঘলিয়ায় যৌথ অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রিপন শেখ ওরফে ‘কনডম রিপন’কে (৩৫) বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনী।
সোমবার (৬ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে ফরমাইশখানা গ্রামের সোবাহান হাওলাদারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন ওই গ্রামের আনসার শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা বিকালে ফরমাইশখানা গ্রামে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে রিপন নিজ বাড়ি থেকে পালিয়ে পাশের সোবাহান হাওলাদারের বাড়িতে লুকিয়ে পড়ে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ তাকে আটক করা হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, রিপন শেখ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।