রংপুর ও লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২২:৪২ পিএম
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তার তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। দুই জেলা মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার ও শত শত হেক্টর ফসলি জমি। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
রংপুর : রংপুরে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৩টি উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির তোড়ে ভেঙে যাচ্ছে তিস্তা সেতুরক্ষা বাঁধসহ রাস্তাঘাট।
গত রবিবার রাত থেকে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়; যা চলতি বছরের সর্বোচ্চ উচ্চতা হিসেবে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিম্নাঞ্চলে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানির স্রোতে তিস্তা সেতুরক্ষা বাঁধের অংশবিশেষ ভেঙে গেছে এবং ভেসে গেছে গবাদিপশু ও হাঁস-মুরগি।
গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের দুলালী বেগম বলেন, হঠাৎ পানি বাড়ায় বাড়ির উঠোনে হাঁটুপানি উঠছে। কোথায় থাকব, কী খাবÑ ভেবে পাচ্ছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ২০ টন চাল ও ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
লালমনিরহাট : লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত বাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। বিশেষ করে ৯০৫ হেক্টর রোপা আমন এবং আগাম শীতকালীন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দহগ্রামের কাদের মিয়া বলেন, রাতে পানি ঢুকে পড়ল, কিছু নিতে পারিনি। হাঁস-মুরগি সব ভেসে গেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তার পানি কমতে শুরু করেছে। দুয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।
জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, বন্যা মোকাবিলায় প্রশাসনের সব ইউনিট প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।