কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ২২:১৫ পিএম
চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন। প্রবা ফটো
কুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় আবুল কালামের ছেলে বোরহান।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, তার বাবা আলী আকবর দুই বছর আগে ছেলে বিদেশে পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে, টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মসজিদের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
ঘটনাটি স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত বোরহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন। পরবর্তীতে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।