নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স
ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২০:১৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ২১:০২ পিএম
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্ট্রাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নলছিটি স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এ কর্মসূচি চলাকালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।
এতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ভরসা। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুজন। অত্যাধুনিক একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন আনার এক বছরের মাথায় বিকল হয়ে গেছে। এখন পর্যন্ত মেশিনটি চালু করা হয়নি। এক্স-রে মেশিনটিও ফিল্মের অভাবে প্রায়ই বিকল থাকে। দেড় যুগ ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন।
এ ছাড়া অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা চলছে না। অতিরিক্ত টাকা ব্যয় করে রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। এসব কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা।
তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্ট্রাসনোগ্রাম মেশিন চালুসহ ১০ দফা দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার।
এ ব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে পুরো হাসপাতাল। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই বেশি রোগী দেখেন। আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল হওয়ার পর মেরামত করতে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এখনও তা দেয়নি। এ ছাড়া সব সেবার মান ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।