ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৯:১৮ পিএম
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। প্রবা ফটো
ময়মনসিংহে দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। রবিবার থেকে শুরু হওয়া আন্দোলন সোমবারও বিভিন্ন কর্সসূচি পালন করে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ফ্যাসিস্টদের গ্রেপ্তার, শহীদ ও আহত পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের আহ্বান জানান। এর আগে রবিবার তারা আমরণ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচির আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহীদ ও আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগ।
বিপ্লবী জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর আয়াস আমরণ অনশনের ঘোষণা দিলে তাতে যোগ দেন বিভাগের আরও শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা সড়ক অবরোধ ও অনশনে সংহতি জানাতে আসেন। দিনভর শহীদ পরিবারের নারী সদস্যরাও স্বজন হত্যার বিচারে স্লোগান দেন।
ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর মোহাম্মদ আয়াস বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান বিচার দেখছি না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক লোকজনের সঙ্গ লিঁয়াজো করে পুনর্বাসন হচ্ছে।
এদিকে, বিভিন্ন হুমকি-ধামকিসহ নিরাপত্তাহীনতায় দিন কাটছে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। এ জন্য সব ধরনের কর্সসূচি পালন করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।