চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:২৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৭ পিএম
প্রতীকী ফটো
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনুর রহমান (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ভোরবেলা তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মজনুর রহমান বড় পুটিমারী গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন এবং তার এক ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মজনুর রহমান রাতে নিজের অটোটি চার্জে দিয়েছিলেন। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি চার্জ থেকে অটোটি খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।