দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৭:২২ পিএম
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রবিবার মধ্যরাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আলী সুমন কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।