বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৭ পিএম
নাটোরের বড়াইগ্রামে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার মৃত অফেসউদ্দিনের ছেলে আনছার আলী (৬০), লালপুরের ধলা গ্রামের নফেল ইসলামের ছেলে নয়ন ইসলাম (২৮) ও একই গ্রামের ইদু প্রামানিকের ছেলে অটোরিকশা চালক মুনছের প্রামানিক (৬৫)।
এছাড়া আহতরা হলেন- নিহত আনছার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৪), তার দুই ছেলে রানা (৩৬) ও রাসেল (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ জন যাত্রী নিয়ে অটোরিকশা চালক গুনাইহাটি মোড়ে সড়ক পার হচ্ছিলো। এ সময় রংপুর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ৩ জন।
বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।