ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ২১:৪২ পিএম
বাগেরহাটের ফকিরহাটে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত শীবপ্রসাদ ঘোষের ছেলে জুপিটার ঘোষ এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জুপিটার ঘোষের অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী সম্মেলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন বেলায়েত শেখের তিন ছেলে ইখলাছ শেখ এবং ইখলাছ শেখের ছেলে জনি শেখ ও রনি শেখ এবং হেনা বেগম।
জুপিটার ঘোষ বলেন, আমি বাগেরহাটে ছিলাম। সকালে স্থানীয় লোকজন ফোনে জানিয়েছেন আমার জমি দখলের চেষ্টা চলছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ইখলাছ শেখ ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করছে। বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এটা শুধু জমি দখলের বিষয় নয়, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি অসম্মান। আমি ন্যায়বিচার চাই।
অভিযুক্ত ইখলাছ শেখ বলেন, আমি শুনেছি আমার নামে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন আগামী মঙ্গলবার এ বিষয় নিয়ে থানায় বৈঠক হবে।
ফকিরহাট মডেল থানার ওসি রাজ্জাক মীর বলেন, বিষয়টি থানায় অভিযোগের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা এবং পৈতৃক সম্পত্তির নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয়রা ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ চেয়েছেন।