কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ২০:৩৫ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবেশ ও বন্য প্রাণী সুরক্ষার কথা বলে গত ১ অক্টোবর থেকে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ।
জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের ওপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বন বিভাগ। এখন থেকে পর্যটকরা আবারও উদ্যানে গাড়ি পার্ক করতে পারবেন।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ করার ফলে পূজার টানা ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা ভোগান্তিতে পড়েন। অনেকে উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দুপাশে গাড়ি পার্ক করে রাখেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, কর্তৃপক্ষের আদেশে লাউয়াছড়া গাড়ি পার্কিং বন্ধ করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নিয়ে আলোচনা করে পর্যটকদের পার্কিং সুবিধার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এখন থেকে পর্যটকরা উদ্যান এলাকায় গাড়ি পার্ক করতে পারবেন।