রংপুর অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:২৬ পিএম
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৩টার দিকে পানি আরও ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এতে করে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। অনেকে রাতে পানি বাড়ার আশঙ্কায় তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভারতের সিকিমসহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা ৬ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে করে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।