বাগেরহাট ও রামপাল প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম
বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭) ও বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় অপর এক সেনা সদস্য বাঁশের সাহায্যে বৈদ্যুতিক তার সরিয়ে দ্রুত দুজনকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।