সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:২১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা আসমাউল হুসনা ওরফে আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুলতলা বাজারে এই কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
সমাবেশে বক্তব্য দেনÑ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, সাবেক ছাত্রশিবির নেতা ও সমাজসেবক নূর ই আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক কারিমুজামান, ভুক্তভোগী আব্দুস সালাম, আব্দুর রাশিদ সানা, সমাজকর্মী মাসুম বিল্লাহ, শ্রী বেদানা প্রামাণিক প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, জন্মনিবন্ধনসহ বিভিন্ন অনলাইন সেবায় ইচ্ছাকৃত ভুল করে সংশোধনের নামে বাড়তি অর্থ আদায় করেন আসমা খাতুন। সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দিলে তিনি সেবা প্রদান করেন না। পাশাপাশি চেয়ারম্যান আবু দাউদ ঢালীর সঙ্গে আঁতাত করে আসমা নিজের পরিবার ও আত্মীয়দের নামে বিভিন্ন সরকারি সুবিধাভোগীর কার্ড করে নিয়েছেন। একই সঙ্গে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় চাল বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।
গোকুলনগরের শারীরিক প্রতিবন্ধী নারগিস পারভীনের স্বামী আব্দুস সালাম জানান, তার স্ত্রীর ভাতার টাকা দীর্ঘদিন ধরে পাননি। তদন্ত করে দেখা গেছে, সেই টাকা তোলা হচ্ছে আসমা খাতুনের মা মোছা. আকলিমা খাতুনের নামে নিবন্ধিত একটি বিকাশ নম্বর থেকে। আমি থানায় অভিযোগ করতে গেলে চেয়ারম্যান আমাকে বলেন, অভিযোগ করতে হবে না।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা দক্ষিণ শাখার সভাপতি নূর ই আলম সিদ্দিকী বলেন, একজন ডিম বিক্রেতার মেয়ে আজ প্রতাপনগর ও শহরে লাখ লাখ টাকার সম্পদ গড়ে তুলেছেন দুর্নীতির মাধ্যমে। সম্প্রতি ভিডব্লিউবির ৩৯৪টি কার্ডে চাল দিতে গিয়ে সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। চেয়ারম্যান তাকে সহযোগিতা করায় কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।
তবে অভিযুক্ত তথ্য উদ্যোক্তা আসমা খাতুন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র। নূর আলম সিদ্দিকী আমার কাছে ৫ আগস্টের পর টাকা চেয়েছিল, না দেওয়ায় আমাকে হুমকি দেন ও এমনকি বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। তিনি এতে রাজি না হওয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু দাউদ ঢালী বলেন, আমি উদ্যোক্তা আসমা খাতুনের বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছি, তবে কেউ এখনও আনুষ্ঠানিকভাবে পরিষদে অভিযোগ করেননি।