চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৬:৩৫ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মিজান গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ররিবার (৫ অক্টোবর) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ওই যুবককে পুলিশ। এর আগে, শনিবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঘোষের হাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান গাজী উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ০৬ নম্বর ওয়ার্ডের মো. কাশেম গাজীর ছেলে।
মো. মামুন সাজী নামের এক ব্যক্তির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়ন চরযমুনা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইন-চার্জ ওসি আরিফ ইফতেখার।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মামুন চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে গরু ক্রয়-বিক্রয় করত। তার কাছে থেকে স্থানীয় মিজান গাজী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা যদি না দেয় তাহলে তার ব্যবসা বন্ধ করে দেবে এবং তাকে গরু চুরির মামলা ও ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। গত ২৫ আগস্ট মামুনের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩৫ হাজার টাকা নেয় মিজান গাজী। ৩৫ হাজার টাকা নিয়েই ক্ষান্ত হয়নিÑ বাকি ৬৫ হাজার টাকার জন্য আবারও ডিপি পুলিশ দিয়ে ফাঁসানোর হুমকি দিতে থাকে। মিজান গাজীর এহেন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে শনিবার মামুন দুলারহাট থানায় এসে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ ওই দিন সন্ধ্যায় ঘোষেরহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী মামুন বলেন, আমি গরু ক্রয়-বিক্রয় করি। মিজান গাজী আমার কাছে থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি মিজান গাজীকে গত ২৫ আগস্ট ৩৫ হাজার টাকা দেই। বাকি ৬৫ হাজার টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং গরু চুরির মামলা দিয়ে ফাঁসাবে বলে হুমকি দেয়। এই বিষয়টি নিয়ে আমি দুলারহাট থানায় তাকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ থাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
তিনি আরও বলেন, শুধু আমি না। আমার এলাকার ইকবাল সাজীর কাছ থেকেও ১০ হাজার টাকা এবং জামাল মাস্তান নামের একজনের কাছ থেকেও ৪০ হাজার টাকা নিয়েছে।
ওসি আরিফ ইফতেখার জানান, আসামি মিজান গাজীর বিরুদ্ধে একটি চাঁদা বাজির মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে।