খুলনা অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৩০ পিএম
প্রবা ফটো
মহানগরীর প্রতিটি বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। নগরীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে এক কেজি কাঁচা মরিচ ৪১০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র তিন-চারদিন আগেও যা ছিল ২০০-২২০ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি বন্ধ এবং বর্ষার কারণে বাজারে সরবরাহ কমায় মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে। ফলে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
নগরীর দৌলতপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী হাফিজ বলেন, ইন্ডিয়ান বর্ডার বন্ধের কারণে বাজারে ঝালের সংকট তৈরি হয়েছে। আজকে মাত্র চার কেজি কিনেছি। সোনাডাঙ্গা পাইকারি আড়ৎ থেকে মণপ্রতি ১৬ হাজার টাকায় কিনেছি।
অপরদিকে, গল্লামারি বাজারের ব্যবসায়ী কাইয়ুম জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় সরবরাহ কমে গেছে। এ সময়ে বর্ষার কারণে ঝাল পঁচে যাচ্ছে। তাই দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা কম কিনছেন, আমরা তাই আড়ৎ থেকে অল্প পরিমাণে আনছি।
দৌলতপুর পাইকারী বাজারের চরমনাই বাণিজ্য ভান্ডারের প্রোপাইটার মো. মোশারফ হোসেন জানান, ভারতীয় এলসি বন্ধ থাকার কারণে বাজারে সরবরাহে সংকট দেখা দিয়েছে। তবে রাত থেকে আবারও এলসি শুরু হচ্ছে। আগামীকাল বা পরশু থেকে দাম স্বাভাবিক হওয়ার আশা করছি।
তিনি আরও জানান, দেশি কাঁচাঝাল ৩২০-৩৩০ টাকা এবং ভারতীয় ২৫০ টাকায় বিক্রি করেছি। আজ অন্তত ১০০ বস্তা বিক্রি করেছি। দাম কম থাকলে আরও বিক্রি করতে পারতাম।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় এই মৌসুমে মরিচ চাষ হয়েছে ১৭২ হেক্টর জমিতে। তবে অতিবৃষ্টির কারণে ৩০ হেক্টর জমি নষ্ট হয়েছে। এ পর্যন্ত ১৪২ হেক্টর জমি কর্তন করা হয়েছে। মোট ফলন ১৩৪৯ টন। এছাড়া সম্প্রতি শীতকালীন চাষের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।