× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ইলিশ রক্ষায় জব্দ ৫০ হাজার মিটার কারেন্ট জাল

খুলনা অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:১৮ পিএম

মা ইলিশ রক্ষায় জব্দ ৫০ হাজার মিটার কারেন্ট জাল

ইলিশের প্রজনন মৌসুমে মা মাছ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম দিনেই খুলনায় কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। 

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও খালে ছয়টি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং দুই কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে দাকোপে দুটি, আর তেরখাদা, বটিয়াঘাটা, দিঘলিয়া ও রূপসা উপজেলায় একটি করে দল অংশ নেয়। জেলা মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে নৌবাহিনীর সদস্যরাও সহায়তা করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তেরখাদা উপজেলায় অভিযানের সময় কারেন্ট জাল থেকে দুই কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে এসব ইলিশ মৎস্য অধিদপ্তররের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ সময় নদী তীরবর্তী এলাকায় জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জেলেদের অবহিত করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞা চলাকালীন প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ে, তাই টেকসই উৎপাদনের স্বার্থে সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা