বগুড়া অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:২৬ পিএম
বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে রাজুকে নিজ বাড়ি থেকে আটক করে হ্যান্ডকাপ পরায়। এ সময় স্থানীয় নারী-পুরুষরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ রাজুকে ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া আসামি রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।