যশোর সংবাদদাতা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৯:২৬ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ২২:১১ পিএম
যশোরের গদখালী বাজারে ফুল বিক্রি করছেন চাষিরা। ছবি: প্রবা
বিজয় দিবস উপলক্ষে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালী ফুল বাজার জমে উঠেছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গদখালীতে প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে ৩ টাকা। গ্লাডিওলাস ৮ থেকে ১৫ টাকা, জারবেরা ৮ থেকে ১০ টাকা, রজনীগন্ধা ৪ টাকা, একশ পিস চন্দ্রমল্লিকা দেড়শো টাকা, এক হাজার গাঁদা ফুল ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।
পানিসারা গ্রামের ফুলচাষি মঞ্জুরুল আলম বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে মোটামুটি ভালো দামে ফুল বিক্রি করতে পেরেছি। সামনে ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২১ ফেব্রুয়ারি আছে। আশা করি এসব দিবস ঘিরেও ভাল দামে ফুল বিক্রি করতে পারব।
চাষি ঈসমাইল হোসেন বলেন, বর্তমানে ফুলের বাজার বেশ ভালো যাচ্ছে। প্রতি পিস গোলাপ আড়াই থেকে ৪ টাকা করে বিক্রি হচ্ছে। এভাবে চললে আমাদের চাষে লাভ হবে।
ফুল কিনতে আসা ব্যবসায়ী আজিজুর রহমান জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে এ বাজার থেকে ফুল সরবরাহ করা হচ্ছে। এছাড়া চাষিরা খুব ভালো দাম পাচ্ছে। আশা করছি আমাদেরও লাভ হবে।
চাষিদের চাঙ্গাভাব ধরে রাখতে প্লাস্টিকের ফুল আমদানি ও বাজারজাত নিষিদ্ধের দাবি জানিয়েছেন যশোর বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম।
তিনি বলেন, বিদেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানি ও বাজার বন্ধ করতে পারলে আমরা এ খাতে আরও লাভবান হতে পারব।
যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন, যশোরের গদখালিতে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস , রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুলের চাষ হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন দিবস ছাড়াও সারা বছর এই এলাকায় ফুলের চাষ হয়ে থাকে। গেল কয়েক বছর করোনা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ফুল চাষিরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ বছর ফুলের উৎপাদন ও দাম ভাল পাওয়ায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন চাষিরা।