চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:২৫ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে নিজেদের গচ্ছিত অর্থ ফেরতের দাবিতে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
জানা যায়, দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রথমদিকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আড়ালে সদস্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় তিন হাজার গ্রাহকের কাছ থেকে তিন থেকে চার কোটি টাকা সংগ্রহ করে সমিতি কর্তৃপক্ষ। পরে হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস গুটিয়ে নেয় তারা।পরে টাকা ফেরতের দাবিতে সদস্যরা সমিতি কর্তৃপক্ষে সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও টাকা ফেতর দিতে নানা তালবাহানায় শুরু করে।বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও গচ্ছিত অর্থ ফেরত পাননি সদস্যরা।
বিক্ষোভে অংশ নেওয়া রমনা ইউনিয়নের ছকিনা বেগম বলেন, ভিক্ষা করে ও মাটি কেটে কষ্টের সাড়ে ছয় লাখ টাকা সমিতিতে জমা দিয়েছিলাম। এখন সেই টাকাটাই ফেরত পাচ্ছি না। আমি পাগল হয়ে যাচ্ছি।
খড়খড়িয়া এলাকার রিপন মিয়া জানান, তিনি ২ লাখ ৩০ হাজার টাকা জমা দিয়েছেন।এছাড়া থানাহাট সবুজপাড়ার জয়ন্ত রায় ১ লাখ ২২ হাজার, সরকারপাড়ার এরশাদুল হক ৮০ হাজার, জোড়গাছ সাতঘড়িপাড়ার সুফিয়া দৌলা ১ লাখ ২৮ হাজার, জেলেখা বেওয়া ১ লাখ ৪৮ হাজার, কসভান বেওয়া ৬০ হাজার এবং মিম আক্তার ৩৬ হাজার ৫০০ টাকা জমা দেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এভাবে প্রায় তিন হাজার সদস্যের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক নুর আলম বলেন, পরিচালক আনিসুর রহমান আনিস ও মিল্টনসহ ১৭ জন কর্মচারী কাগজপত্র নিজেদের কাছে রেখেছেন। তাই সঠিক হিসাব দেওয়া যাচ্ছে না। তবে ৯৫ লাখ টাকা পরিশোধের জন্য সাতটি দলিলমূল্যে জমি হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে গ্রাহকদের পাওনা পরিশোধ করার মতো অর্থ সমিতির কাছে নেই। এ বিষয়ে জানতে আনিসুর রহমান আনিসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।