ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৮:০৩ পিএম
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের স্মরণ পাহাড়তলী এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে মাদক কারবারিদের হামলায় দুইজন যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) দুপুরে আহত মোতালেব হোসেন সিফাত বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কাছাড় গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয়রা ওই চক্রের মাদক পাচার ও বিক্রিতে বাধা দিলে শুক্রবার রাতে ইয়াছিনের দোকানের সামনে নুরুল হুদা বাহাদুর, তৌহিদুল ইসলাম জমিদার, আরিফুল ইসলাম, হৃদয়, আব্দুল কালাম ও কালা জসিমসহ কয়েকজন যুবক মোতালেব হোসেন সিফাত (২০) ও শাওন (২১)-এর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি দিয়ে সিফাতের মাথায় কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। তাকে বাঁচাতে গেলে শাওনকেও লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সিফাতকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন, তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। আহত শাওন স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা হুমকি দিয়েছে— এ ঘটনায় মামলা করলে আবারও মারধরসহ হত্যা করে লাশ গুম করে ফেলার।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান বলেন, ধর্মপুর ইউনিয়নের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।