নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:১৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:২৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গোডাউনের আগুন নেভাতে গিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের নামে তৈরি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিহত শামীমের শিশু ছেলে নাবিল আহমেদকে সঙ্গে নিয়ে পিজাহাতী আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠিত ‘শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগার’-এর নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণার সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন, চাচাতো ভাই আব্দুল বারী বকুল, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি, সালাহউদ্দিন সালাম ও বাছিরুজ্জামান বাছিরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনির সভাপতিত্বে ও রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় পাঠাগার সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ শামীম আহমেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এ সময় শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন শামীমের স্ত্রী-সন্তানদের পাশে থাকার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজনসহ সবার প্রতি অনুরোধ জানান।