কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:০০ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানের জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর পচা গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের পরিত্যক্ত লেবু বাগানের জঙ্গলের ভেতরে কাঁঠাল গাছের নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কামুদপুর স্কুলের মাঠে ছোট বাচ্চারা বল খেলছিল। এ সময় বল গিয়ে পরিত্যক্ত লেবু বাগানের জঙ্গলে পড়ে। তখন তারা বল আনতে গিয়ে জঙ্গলের ভেতরে কঙ্কালটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করলে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচা গলিত ছড়িয়ে ছিটিয়ে থাকা আংশিক কঙ্কালটি উদ্ধার করে। এদিকে কঙ্কালটির পাশে একটি শাড়ি পাওয়ায় ধারণা করা যাচ্ছে কঙ্কালটি একজন মহিলার।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পচা গলিত ছড়িয়ে ছিটিয়ে থাকা আংশিক কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।