× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতুর পাত ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগ

রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১১:২১ এএম

সেতুর পাত ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ-জৈনাবাজার সড়কের মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি সেতুর স্টিলের পাত ধসে পড়েছে। এখন সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ। এতে ওই ইউনিয়নসহ আশপাশের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ আছে দুর্ভোগে।

খবর পেয়ে শ্রীপুর উপজেলার এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাসরি উদ্দিনসহ অন্য কর্মকর্তারা সবাই ওই সেতু পরিদর্শন করেছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কমপক্ষে ৩০ বছর আগে ব্রিজটি তৈরি করা হয়। এ সড়ক দিয়ে শ্রীপুর উপজেলার জৈনাবাজার, কাওরাইদ, বরমী, বলদীঘাট, গোলাঘাট, পাশের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল, ভালুকা উপজেলার উড়াহাটি এলাকার মানুষ শ্রীপুর এবং জৈনাবাজার হয়ে ময়মনসিংহ শহরে যাতায়াত করে থাকে। 

প্রতিদিন ওই সড়কে ট্রাক, প্রাইভেট, মাইক্রোবাস, গ্যাসচালিত ও ব্যাটারিচালিত গাড়িসহ হাজারখানেক যান চলাচল করে। ওই সেতুটি ভেঙে পড়ায় ওইসব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করেন। সেতুটি দিয়ে ১০ চাকার ট্রাকও চলাচল করতে দেখা গেছে। এর আগেও এই ব্রিজ কয়েকবার ভেঙে পড়েছে। এবার সেতুর স্টিলের পাত ধসে পড়ল। সেতু থেকে দুবার গাড়ি নদীতে পড়েছে। তবে কী কারণে উপজেলা প্রশাসন স্থায়ী ব্রিজ নির্মাণে এগিয়ে আসছে না তা রহস্যজনক।

গফরগাঁও উপজেলার পাইথল থেকে পরিবার নিয়ে গ্যাসচালিত গাড়িতে শ্রীপুরের জৈনাবাজার আসছিলেন জাহাঙ্গীর আলম। পথে বেলা ১১টার দিকে সড়কের চৌধুরী ঘাট এলাকায় বেইলি সেতুতে আটকে পড়েন।

তিনি বলেন, কখন সেতু মেরামত হবে বলতে পারছেন না কেউ। পরিবার নিয়ে গরমের মধ্যে খুব ভোগান্তিতে পড়তে হলো।

কাওরাইদ এলাকার শিক্ষক নাজমুল হাসান বলেন, ব্রিজটি জরাজীর্ণ। শিগগিরই ওই ব্রিজটি নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

কাওরাইদ এলাকার বাসিন্দা রমা রানী রায়। তিনি বলেন, আমি প্রতিদিন ছেলেকে নিয়ে জৈনাবাজার এলাকার ব্রাইট স্কলার স্কুলে আসা-যাওয়া করি। সেতুটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। চার-পাঁচটি কারখানার গাড়ি এখান দিয়ে চলাচল করে। সেতু দিয়ে চলাচল বন্ধ হওয়ায় সবাই দুর্ভোগে পড়েছেন।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির নেতা আফজাল হাসেন মণ্ডল বলেন, মাটিকাটা নদীর ওপর বেইলি সেতুর স্টিলের পাত ধসে পড়ায় পণ্যবাহী যানবাহন ও যাত্রীদেরকে বিকল্প পথ হিসেবে যাত্রী বলদীঘাট-ধামলই, কাওরাইদ-মাইজপাড়া অথবা কাওরাইদ-দেদুয়ার হয়ে প্রায় ৪ কিলোমিটার সড়ক ঘুরে চলাচল করতে হবে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী নাসরি উদ্দিন বলেন, এরই মধ্যে তিনিসহ অন্য কর্মকর্তারা সেতুটি পরিদর্শন করেছেন। সেতুর স্টিলের পাত ধসে পড়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। লোহার কাঠামোর বেইলি সেতুটি দৈর্ঘ্য প্রায় ১৮০ ফুট এবং প্রস্থ ৮ ফুট। কাওরাইদ-জৈনাবাজার সড়কের মাটিকাটা নদীর ওপর সেতু দিয়ে রাতে অতিরিক্ত ওজনের মালবাহী যান পার হচ্ছিল। এতে সেতুর একটি স্টিলের পাত ধসে পড়ে। ঝুঁকি নিয়ে কেউ যাতে চলাচল না করেন, সেজন্য লাল পতাকা টানানো হয়েছে। এদিকে সেতুর পাটাতন ভেঙে পড়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ বলেন, সেতুটি স্টিল বিট দিয়ে তৈরি। এই সেতুর উপাদানগুলো সহজে পাওয়া যায় না। যদি আমরা গাজীপুরে উপাদানগুলো পাই, তাহলে তিন থেকে চার দিন সময় লাগবে সংগ্রহ করতে। আর যদি আমাদের গাজীপুর জেলা অফিসে না থাকে তাহলে কোন জেলায় আছে খোঁজ নিতে হবে। সেখান থেকে এনে তারপর কাজ করতে হবে। সেতুটি দ্রুত সংস্কারের জন্য প্রতিবেদন তৈরি করে আগামীকাল রবিবার (আজ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

শ্রীপুর ইউএনও সজীব আহমেদ বলেন, দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারছে না। নদীতে নতুন ব্রিজ নির্মাণের সব কার্যক্রম শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় কাজ আটকে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা