× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী

দখল-দূষণে নাকাল নগরবাসী

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১০:৪০ এএম

রাজশাহী নগরীর প্রশস্ত ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। তীব্র যানজটে বেড়েছে ভোগান্তি। শুক্রবার তোলা। প্রবা ফটো

রাজশাহী নগরীর প্রশস্ত ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। তীব্র যানজটে বেড়েছে ভোগান্তি। শুক্রবার তোলা। প্রবা ফটো

পরিচ্ছন্ন নগরী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল রাজশাহী নগরী। সেই রাজশাহী এখন দখল, দূষণ, অপরিচ্ছন্ন আর যানজটে নাকাল। নগরীর প্রশস্ত ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় রাস্তা, গলিপথগুলো এখন দখলদারদের কবলে। নালা-নর্দমা ও ড্রেন উপচে ময়লা পানি সড়ক ও বাসায় ঢুকছে। এতে পথচারী ও মহল্লাবাসী ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খানাখন্দে ভরা। ভুক্তভোগীরা বলছেন, এক বছর আগেও নগরীর সামগ্রিক চেহারা এতটা মলিন ছিল না।

এদিকে সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর নেই এক বছরের বেশি সময় ধরে। সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্বে থাকলেও তারা মাসে একবারও কাউন্সিলর অফিসে যান না এবং নগরবাসীর সমস্যার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন না।

নগরী ঘুরে দেখা যায়, নগরীর ভদ্রা মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার ফুটপাত ভাঙ্গারি ব্যবসায়ী ও দোকানদারের দখলে। পূর্বাংশের পুরো ফুটপাত দখল করে বানানো হয়েছে আন্তঃজেলা বাস সার্ভিসের কাউন্টার। সিরোইল, রেশম ভবন ও ঢাকা বাস কাউন্টারের দেয়াল ঘেঁষে শতাধিক দোকান ফুটপাত দখল করেছে।

অন্যদিকে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজারের এক ইঞ্চি ফুটপাতও দখলের হাত থেকে রক্ষা পায়নি। জিরো পয়েন্ট থেকে সোনাদিঘির মোড় ছাড়াও মালোপাড়া থেকে সোনাদিঘি পর্যন্ত ফুটপাতের ওপর বসছে শত শত দোকান। সাহেববাজারের সড়কের অর্ধেকের বেশি জায়গায় অবৈধ দোকানে গিজগিজ করছে। নগরীজুড়ে এভাবে ফুটপাতের গণদখলে পদে পদে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী।

এছাড়া নগরীর বহরমপুর, হড়গ্রাম, বুলনপুর, বড়কুঠি, শালবাগান, সাগরপাড়া, লক্ষ্মীপুর, উপশহর, সপুরা, তেরখাদিয়া প্রভৃতি এলাকাজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ দীর্ঘদিন ধরে জমে রয়েছে। এ সব ময়লা-আবর্জনার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ।

এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজট পোহাতে হয় নগরবাসীকে। রেলগেট-বহরমপুর গ্রেটার রোড, ঘোষপাড়া থেকে ঝাউতলা পর্যন্ত গাড়ি ঘণ্টাব্যাপী আটকে থাকে। বিশেষ করে মেডিকেল হাসপাতালের সামনের সড়ক ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশার কারণে তীব্র যানজট দেখা দেয়।

এ ছাড়াও নগর উন্নয়নের নামে রাজশাহী থেকে নওগাঁ সড়কের দুই ধার, রাজশাহী সার্কিট হাউস সংস্কার, টেক্সটাইল মিল পুনরায় চালু ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে বিস্তীর্ণ এলাকার প্রচুর বৃক্ষ কেটে ফেলা হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ৪ সহস্রাধিক।

রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু বলেন, প্রকৌশলীরা পরিবেশবান্ধব চিন্তা করছেন না। তারা পুরনো গাছ কেটে নতুন গাছ লাগানোর কথা বলছেন। কিন্তু পুরনো গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় যে প্রভাব রাখবে, নতুন ছোট গাছ তো তা পারবে না। তাই গাছ রেখে প্রকৌশলবিদ্যাকে কাজে লাগিয়ে কীভাবে কাজ করা যায়, সেটা ভাবতে হবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, নগরীতে অটোরিকশার সংখ্যা ২০ হাজারের বেশি যেগুলো অনুমোদনবিহীনভাবে চলাচল করছে। ফুটপাত দখল ও অতিরিক্ত অটোরিকশার কারণে যানজট তৈরি হচ্ছে। বিস্তীর্ণ পদ্মা নদীর ধার দখলদারদের কবলে চলে গেছে।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, ময়লা ও বর্জ্য অপসারণ নিয়মিত হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং যানজট বিষয়টি নগর পুলিশের দায়িত্ব।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উচ্ছেদের আগে আমরা মাইকিং করে ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে নিতে অনুরোধ করছি। কেউ নিজেরা সরিয়ে না নিলে আমরা উচ্ছেদ অভিযান করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা