গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ২০:২৪ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সি কন্যাসন্তানকে বাঁওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া মন্ডল (১৭)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাঁওড় এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া মন্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মন্ডলের স্ত্রী।
শ্বশুরবাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহিদুল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সি কন্যাসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হয় রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্ণি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বর্ণি বাঁওড়ে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। তখন মাছ ধরতে যাওয়া কয়েক ব্যক্তি রিয়াকে পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে তাকে উদ্ধার করে। পরে উদ্ধারকারীদের শিশুসন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে। আর মা রিয়া মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। আর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মা রিয়া মন্ডল কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেনÑ তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।