ধর্মপাশা (সুনামগঞ্জ )প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২০:০৮ পিএম
প্রতীকী ফটো
সুনামগঞ্জের ধর্মপাশায় কীটনাশক পান করে মীম আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মীম ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামের মোস্তাফা মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর মীম কীটনাশক পান করেন। রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে শ্যামগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।