কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৫০ পিএম
হিন্দু সম্প্রদায়ের বৃহৎতম উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সমুদ্রসৈকতÑ লেম্বুর বন, শুঁটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়।
আগত পর্যটকরা ডুব সাঁতারে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
নিম্নচাপের প্রভাবে গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল। শুক্রবার (৩ অক্টোবর) সকালে বৃষ্টি না থাকায় কুয়াকাটা সমুদ্রসৈকত মুখরিত ছিল পর্যটকে। সৈকত এখন কানায় কানায় পরিপূর্ণ পর্যটক আর পর্যটকে।
ছাতা-বেঞ্চী ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পূজার ছুটিতে পর্যটক আসায় আয় মোটামুটি ভালোই হয়েছে। তবে, গত দু’দিন বৃষ্টির কারণে আমরা হতাশ ছিলাম।
ঢাকা থেকে আসা পর্যটক আশরাফুল ইসলাম নূর বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে কেউ ফিরে যায় না। আবহাওয়া খারাপ হলেও সমুদ্রে গোসল করে ঢেউয়ের সঙ্গে মজা করেছি।
হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, দুর্গাপূজার টানা ছুটিতে কুয়াকাটা রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন হয়েছে। সৈকত লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে। এছাড়াও আশপাশের হোটেলগুলোতেও ৯০ থেকে ৯৫ শতাংশ বুকিং রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু হোটেলের বুকিং বাতিল হয়েছে। আবার আজকে আবহাওয়া ভালো হওয়ায় পর্যটকের আগমন বেড়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে কিছু বুকিং বাতিল হয়েছে। তবে, আজকে আবহাওয়া ভালো হওয়ায় আবার বুকিং হচ্ছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আজকে সৈকত পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সমুদ্রসৈকত ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, আজকে কুয়াকাটায় প্রচুর পর্যটক রয়েছে। কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।