গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৮:১৯ পিএম
তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সকালে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই শিশুটি হলো কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৪)। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় সকল প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে বিজয়া দশমীতে বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময়ে বেশির ভাগ লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও আড়াই বছরের শিশু অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে অভিযান শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে শিশু অঙ্কিতার মরদেহ পাওয়া গেলেও এখন পর্যন্ত তন্ময় নিখোঁজ রয়েছে।
ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, চাপাই ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা। নিখোঁজ নৌকাটি উদ্ধার করা হয়, সেই নৌকার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়।