× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গাবালী

অনিন্দ্য সুন্দর চার সৈকত দেখার বিস্ময়কর সুযোগ

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১২:১৮ পিএম

সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’ পর্যটনে জনপ্রিয় হয়ে উঠছে। প্রবা ফটো

সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’ পর্যটনে জনপ্রিয় হয়ে উঠছে। প্রবা ফটো

সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’ পর্যটনে জনপ্রিয় হয়ে উঠছে। বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের পদচারণা।

রাঙ্গাবালীতে আছে সোনারচর, হেয়ার আইল্যান্ড, জাহাজমারা আর তুফানিয়ার মতো অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত। দেশি পর্যটকদের পাশাপাশি ইদানিং বিদেশিদেরও পদচারণায় ধীরে ধীরে হয়ে উঠছে পর্যটনের নতুন গন্তব্য। বিস্তীর্ণ জলরাশি, অতিথি পাখির কোলাহল,  সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল, সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য  আর অফুরন্ত সাগরের ঢেউ- প্রকৃতির এক অনন্য মায়াবী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে পটুয়াখালীর রাঙ্গাবালীর দ্বীপগুলো। এক ভ্রমণে চার সৈকত দেখার এক বিস্ময়কর সুযোগ যেন কড়া নেড়ে জানান দিচ্ছে পর্যটকদের। একসময় ছিল শুধু স্থানীয়দের ঘোরাঘুরির জায়গা, এখন ধীরে ধীরে রাঙ্গাবালী জায়গা করে নিচ্ছে দেশের পর্যটন মানচিত্রে। বাড়ছে দেশি-বিদেশী ভ্রমণপিপাসুদের পদচারণা।

কথা হয় দেশী পর্যটক ও অভিনেতা সাদ্দাম মালের সঙ্গে। তিনি বলেন, রাঙ্গাবালী পর্যটনের জন্য এক সম্ভাবনাময় জায়গা। এখানে যে চারটি সৈকত আছে, তার প্রত্যেকটির আলাদা আলাদা সৌন্দর্য আছে। আমরা এসব দেখে উপভোগ করি এবং মুগ্ধ হই। সব মিলিয়ে মন ভালো করতে আর ঘুরতে অনন্য সৌন্দর্যের রাঙ্গাবালী বারবার কাছে টানবে বলেও জানিয়েছেন তিনি। 

শুধু দেশি নয়, রাঙ্গাবালীর এই সৌন্দর্য টানছে বিভিন্ন দেশের পর্যটকদেরও। দেশি পর্যটকদের সঙ্গে বিদেশিদের পদচারণায় এটি ধীরে ধীরে হয়ে উঠছে পর্যটনের নতুন গন্তব্য। সম্প্রতি রাঙ্গাবালী ঘুরে মুগ্ধ হয়েছেন হাঙ্গেরির টমাস, চেক রিপাবলিকান নাগরিক রাদেক, মাল্টার ড্যারেন, সুইজারল্যান্ড থেকে টাচিয়ানা, জার্মানি থেকে হেনড্রিকসহ অসংখ্য বিদেশী পর্যটক।

বিদেশি পর্যটক আকর্ষণের পেছনে কাজ করছেন স্থানীয় যুবক শাওন আহমেদ। কখনো বিদেশী পর্যটকদের সঙ্গে গানের আড্ডায়, আবার কখনো তাদের ইচ্ছায় বাংলা শব্দ শেখানোর আড্ডায়। এছাড়াও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনধারা, তাদের ইতিহাস-ঐতিহ্য, জেলেদের জীবনবাজি রেখে গভীর সমুদ্রে মাছ শিকার করা, জলে ভাসা মান্তা সম্প্রদায়ের জীবনকাহনসহ নানা বিষয়ে বিদেশী পর্যটকদের ধারণা দিতে বেশ পটু এই যুবক। ইউটিউব থেকে ইংরেজি শিখে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে পরিচিত করছেন রাঙ্গাবালীর দর্শনীয় স্থানগুলোকে।

লোকাল গাইড ও ট্যুর প্রমোটার শাওন আহম্মেদ বলেন, যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে পারলে রাঙ্গাবালী পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থায় সরকার অগ্রণী ভূমিকা পালন করলে বিদেশী পর্যটকরা আরো সহজেই আসতে পারবে এ অঞ্চলে। যারা ইতোমধ্যে রাঙ্গাবালী ঘুরে গেছেন, তাদের রিভিউ বেশ ভালোই এবং তারা খুবই সন্তুষ্ট।

স্থানীয় প্রশাসন বলছে, রাঙ্গাবালীর পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ‘আমরা ইতিমধ্যে জেনেছি, এখানে প্রতিবছর বেশ ভালো সংখ্যক দেশীয় পর্যটকদের পাশাপাশি দুই-তিন জন করে বিদেশী পর্যটকও আসছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয় সে সব বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা