দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১০:০২ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোহম্মদ আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিল্পী আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যৌন হয়রানির শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মা অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী তার মেয়েকে অফিস রুমে ডেকে যৌন হয়রানির চেষ্টা করে। এরপর এ ঘটনা কাউকে না জানানোর জন্য তার মেয়েকে চাকু দিয়ে হত্যার ভয় দেখায়। গত ৩০ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে ফোনে জানানো হয়, তার মেয়ে অজ্ঞান হয়ে গেছে।
শিল্পী আক্তার আরও বলেন, বর্তমানে তার মেয়ে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধী মোহাম্মদ আলীকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।