× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারবাকিয়া-রাজাখালী ব্রিজের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তি

এম জাহেদ চৌধুরী, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৫৫ এএম

বারবাকিয়া-রাজাখালী ব্রিজের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তি

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজের কাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, রাজাখালী-মগনামা উপকূলীয় সড়কের ওপর মাতামুহুরী শাখা নদীর টইনের খালের ওপর ৪০.০৬ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থের একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালে। ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টেন্ডার আহ্বান করলে ‘মেসার্স আবুল কালাম আজাদ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৭ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকায় কাজের দায়িত্ব পায়।

এরপর ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ ভেঙে ফেলে বিকল্প হিসেবে পাশের খালের ওপর ডাইভারশন সড়ক নির্মাণ করা হয়। তবে সামান্য কিছু কাজ শেষ হওয়ার পর গত ছয় মাস আগে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পাইলিং কাজের সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হওয়ার পর থেকেই ঠিকাদার গা-ঢাকা দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হলেও দুই পাশের পাইলিং কাজের বাইরে কোনো অগ্রগতি নেই। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বারবাকিয়া নোয়াখালী পাড়ার হারুনুর রশিদ বলেন, আড়াই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সামান্য কাজ করেই ঠিকাদার পালিয়েছে। এতে হাজারো মানুষ কষ্ট পাচ্ছে।

রাজাখালী টেকঘোনা পাড়ার বাসিন্দা আবু ছিদ্দিক বলেন, ব্রিজের কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। দ্রুত কাজ শুরু করা জরুরি।

পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, শুধু বারবাকিয়া-রাজাখালী নয়, চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ও আশপাশের ইউনিয়নের মানুষও এই সেতুর ওপর নির্ভরশীল। কাজ বন্ধ থাকায় অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাহবুল আলম জানান, এই ব্রিজ এখন মানুষের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সময়ে কাজ শুরু না হলে সংকট আরও বাড়বে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম জিহাদি বলেন, এটি দুই ইউনিয়নের মানুষের জন্য একমাত্র সংযোগ সেতু। কাজ বন্ধ থাকায় প্রতিদিন হাজারো মানুষ কষ্ট পাচ্ছে। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করতে হবে।

এ বিষয়ে এলজিইডি পেকুয়ার প্রকৌশলী সৌরভ দাশ বলেন, আগের ঠিকাদারকে বাতিল করে জরিমানা করা হয়েছে। নতুন টেন্ডার সম্পন্ন হয়েছে। এক মাসের মধ্যেই কাজ শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা