জাকের পার্টির সমাবেশে বক্তারা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৯:৩৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ১৯:৪৫ পিএম
জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর প্রস্তাবনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘ব্লক চেইন’ পদ্ধতিতে হতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধারা ইউনিয়নে বাংলাদেশ জাকের পার্টির আয়োজনে জেলা সাংগঠনিক সমাবেশে এ কথা বলেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ব্লক চেইন প্রযুক্তি প্রচলিত সব প্রযুক্তির সেরা। এই প্রযুক্তির মাধ্যমে ভোট হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ঘরে বসে সাধারণ ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবেন। তা হলে এ দেশে নির্বাচনে আর হানাহানি, সংঘাত, মারামারি বিশৃংখলা হবে না।
বক্তারা আরও বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী প্রতিষ্ঠিত জাকের পার্টির দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির জন্মলগ্ন থেকে ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন। যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর। গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে বিজয় করার আহ্বান জানান তারা।
ইউনিয়ন সভাপতি আব্দুল রশিদ হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুব ওলামা ফ্রন্টের বাগেরহাট জেলা সভাপতি ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা জাকের পার্টির সভাপতি বাদল হোসেন হাওলাদার প্রমুখ।