ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১২:৪৩ পিএম
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিন এর ছেলে মো. শ্রাবণ (২০), খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও অজ্ঞাত একব্যক্তি (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। সিলোনিয়া বাজারে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, কী কারণে এমন দুর্ঘটনা হতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।