× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তরক্ষীদের উদারতায় শেষবারের মতো বাবার মুখ দেখলেন মেয়ে

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৩৭ এএম

সীমান্তরক্ষীদের উদারতায় শেষবারের মতো বাবার মুখ দেখলেন মেয়ে

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। বাবার মৃত্যু সংবাদ পেলেও বাধ সাধে কাঁটাতারের বেড়া। তবে শেষ পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষীদের উদারতায় শেষবারের মতো বাবার মুখটি দেখলেন মেয়ে মিতু মন্ডল (৩৮) ও তার স্বজনরা। বুধবার (১ অক্টোবর) বিকালে যশোরের শার্শা সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের (৭৫) মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনরা।

সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের মরদেহ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানো হয় বলে জানান যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

এই বিজিবি কর্মকর্তা জানান, ভারতের বাগদা থানার বাঁশঘাটা গ্রামে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে তার বাংলাদেশি স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে একটি আবেদন করেন। অপরদিকে বাংলাদেশে অবস্থিত জব্বারের স্বজনদের মরদেহ দেখানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দু-দেশের সীমান্তরক্ষীদের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।

এ সময় বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশে থাকা তার বড় মেয়ে মিতু মণ্ডলসহ স্বজনরা। এ সময় দুই সীমান্তরক্ষীদেরও চোখ মুছতে দেখা যায়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।

বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের বাবলু মণ্ডলের সঙ্গে মিতু মণ্ডলের বিয়ে হয়। তার বাবার বাড়ি ভারতের উত্তর ২৪ পরগণার বাগদা থানার বাঁশঘাটা গ্রামে।

বাবলু মণ্ডল বলেন, পাসপোর্ট ভিসা না থাকায় শ্বশুরের মৃত্যু সংবাদ পাওয়ার পর বিচলিত হয়ে পড়ি। পরে বিজিবি ক্যাম্পে আবেদন করার পর তারা শেষবারের মতো মৃত মুখটি দেখার সুযোগ করে দেয়। আমরা বিজিবির প্রতি কৃতজ্ঞ।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এসময় ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা