গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১০:৫৩ এএম
লালফিতার দৌরাত্ম্যে সরকারি রাস্তার দু-পাশের ঝুঁকিপূর্ণ মরা গাছ কাটা হচ্ছে না। এসব মরা গাছ বৈদ্যুতিক তারের ওপর পড়েও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফলে এ রাস্তায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধীরগঞ্জগামী রাস্তাসহ বিভিন্ন সরকারি রাস্তার দু-পাশে ফলের ও কাঠের মরা কিছু গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিছুদিন আগে একটি মরা গাছ অটোরিকশার ওপরে পড়ে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তবুও প্রশাসনের পক্ষ হতে মরা গাছগুলো কাটার উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এর আগে গাছগুলো কাটার আবেদন করেছেন ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। হরিপুরের ১নং ইউনিয়ন থেকে ৫নং ইউনিয়ন পরিষদের একমাত্র চলাচলের রাস্তার দু-পাশে বিভিন্ন স্থানে মরা গাছের ছড়াছড়ি। এছাড়া কাঁঠালডাঙ্গী বাজার হতে হরিপুর উপজেলায় যাতায়াতের রাস্তায়ও একই অবস্থা দেখা যায়।
এ ব্যাপারে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।