লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:৩৮ পিএম
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা এলাকায় টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে রফিকুল ইসলাম, তার স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ ও চার বছরের নাতি রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতের খাবারের পর পরিবারের সদস্যরা ঘরের মধ্যে রাখা পানি ব্যবহার করেন। তবে গতকাল ভোরে ঘুম থেকে উঠে টিউবওয়েলের পানি পান ও রান্নায় ব্যবহার করার পরপরই তারা বমি ও অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলামের ছেলে সজীব জানান, মঙ্গলবার সন্ধ্যার পর হয়তো কেউ চুরি বা ডাকাতির উদ্দেশ্যে বাড়ির টিউবওয়েলে কিছু দিয়েছে। রাতে আমরা সেই পানি খাইনি। তবে ভোরে খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়ি। শুধু আমি সকালে কিছু না খেয়ে অফিসে চলে যাই। পরে খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করি।
হাসপাতাল সূত্র জানায়, রোগীদের প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে তারা অসুস্থ হয়েছেন তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিউবওয়েলের পানিতে কোনো বিষাক্ত পদার্থ বা চেতনানাশক ওষুধের কারণে এ ঘটনা ঘটতে পারে।